উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রান্সের সরবোন বিশ্ববিদ্যালয়ে এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছিলেন তুরস্কের গালাতাসারাই বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তবে হিজাব পরা ছবি দেয়ায় তার দীর্ঘমেয়াদি শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। তিনবার আবেদন করেও ভিসা না পেয়ে শেষ পর্যন্ত তাকে মাথা খোলা ছবি জমা দেওয়ার লিখিত নথি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, ফ্রান্সের ভিসার জন্য তিনবার আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। প্রতিবারই তার হিজাব পরা ছবি নিয়ে আপত্তি তোলা হয়েছে বলে তার অভিযোগ। ওই শিক্ষার্থীর দাবি, একই সময়ে হিজাব পরা ছবি জমা দিয়েও তার পরিচিত কয়েকজন ফরাসি ভিসা পেয়েছেন।
সরবোন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ার পাশাপাশি ইরাসমাস কর্মসূচির আওতায় আর্থিক সহায়তাও পেয়েছিলেন ওই শিক্ষার্থী। ফ্রান্সের অনুমোদিত ভিসা আবেদন সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের মাধ্যমে তিনি তিনবার আবেদন করেন। সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানার জন্য তৃতীয়বার আবেদন করলে তাকে মাথা খোলা ছবি চাওয়া সংক্রান্ত একটি নথি দেওয়া হয়।
তিনবার আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর নতুন করে আর ভিসার আবেদন করার পরিকল্পনা নেই ওই শিক্ষার্থীর। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন একই পরিস্থিতির শিকার না হন, সে জন্য বিষয়টির সমাধান চান তিনি। কোনো একজন কর্মীর খামখেয়ালি আচরণের কারণে যেন কাউকে এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়েও তিনি মন্তব্য করেন।