উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এদেশের পীর-মাশায়েখরা ইসলাম বিক্রি করতে আসেননি, বরং ইসলাম প্রতিষ্ঠা করতেই এসেছেন বলে মন্তব্য করেছেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। তিনি জানান, পীর-মাশায়েখদের মূল লক্ষ্য হলো মানুষকে কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা দেওয়া এবং সমাজের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করা।
শুক্রবার ৩০ অক্টোবর বিকেলে রাজধানীর চকবাজারের কামালবাগে আয়োজিত ২০তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা দক্ষিণ ও কামালবাগ এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং ঈছালে ছাওয়াব উপলক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে পীর ছাহেব হুজুরের সঙ্গী উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করেন এবং আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
স্থানীয় আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং জমইয়াতে হিযবুল্লাহর নেতাকর্মীদের উপস্থিতিতে মাহফিলটিতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোঃ হুমায়ুন কবির।