উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেইটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরায় নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা। এ লক্ষ্যে সোমবার ২৬ অক্টোবর রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য শিক্ষার সুযোগ সহজলভ্য হওয়ার পাশাপাশি বৃহত্তর উত্তরার শিক্ষা পরিবেশেও ইতিবাচক প্রভাব পড়বে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিবসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, রূপায়ণ সিটি উত্তরা কেবল একটি আবাসন প্রকল্প নয় বরং এটি একটি পরিকল্পিত ও আধুনিক জীবনব্যবস্থার প্রতিচ্ছবি। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ তাদের সেই বৃহত্তর পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে।
অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ বলেন, এই সমঝোতার মাধ্যমে দেশের আবাসন ও শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। আন্তর্জাতিক শিক্ষার সুযোগ আবাসিক কমিউনিটির কাছাকাছি নিয়ে আসার এই উদ্যোগ উত্তরায় আধুনিক জীবনপরিবেশ গড়ে তোলার সম্ভাবনা সৃষ্টি করেছে।