উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিয়ায় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় কলিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই জনসভার আয়োজন করা হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক হোসেন দিপু। এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি জামাল উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস। কলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ জনসভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তাঁরা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।