উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পার্কে হামলার পরিকল্পনার সন্দেহে এক কিশোরকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সতর্কবার্তা পাওয়ার পর রুশ নিরাপত্তা বাহিনী এই পদক্ষেপ নেয়। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার (এফএসবি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। গতকাল রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই কিশোর একজন রুশ নাগরিক এবং তার পরিচয় প্রকাশ করা হয়নি।
এফএসবির ভাষ্য অনুযায়ী, ওই কিশোর টিকটকে মুখোশ ও সামরিক কায়দার পোশাক পরা অবস্থায় হাতে অস্ত্রসহ কয়েকটি ছবি প্রকাশ করেছিল। সে মস্কোর দক্ষিণাঞ্চলে অবস্থিত সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিল, একটি জায়গা খুঁজে পেয়েছি। এফএসবি জানায়, তার বাড়িতে তল্লাশি চালিয়ে ছবিতে দেখা পোশাক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার মুঠোফোন পরীক্ষা করে সন্ত্রাসী হামলা ও ব্যাপক হত্যাকাণ্ডসংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজার তথ্য পাওয়া গেছে।
এর আগে গত শনিবার মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক নিরাপত্তা সতর্কতায় জানায়, সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। প্রাসাদ ও বিশাল উদ্যান নিয়ে গড়া এই স্থাপনাটি মস্কোর অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং মার্কিন দূতাবাস লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেয়। সতর্কবার্তা পাওয়ার পর শনিবার সাময়িকভাবে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। এফএসবি এক বিবৃতিতে তথ্য সরবরাহ করায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, সন্দেহভাজন কিশোরের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা বিবেচনা করছে সংশ্লিষ্ট তদন্ত কমিটি। এর আগেও সম্ভাব্য হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের মার্চে মস্কোর একটি কনসার্ট হলে হামলার কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটন এমন সতর্কবার্তা দিয়েছিল। একটি সন্ত্রাসী গোষ্ঠীর চালানো সেই হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।