উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের জনসভার সফলতা ও ভিড় নিয়ে শাসক দল বিজেপি এবং বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, সমাবেশে নকল ভিড় দেখাতে কংগ্রেস নেতৃত্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্য নিয়েছে। রিজিজু সামাজিক যোগাযোগমাধ্যমে কংগ্রেস নেতাদের পাঠানো জমায়েতের ছবি দেখিয়ে কটাক্ষ করে লিখেছেন, ভিড় দেখাতে এআইয়ের ব্যবহারটাও তারা ঠিকঠাক করতে পারেনি।
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, কংগ্রেস ১০ লাখ লোক আনার কথা বললেও সমাবেশে বড়জোর ২৮ হাজার মানুষ এসেছে। তাঁর দাবির সমর্থনে তিনি একটি ভিডিও ক্লিপ দেখিয়েছেন, যেখানে খালি চেয়ার ও অলসভাবে হাঁটাচলা করা কিছু মানুষ দেখা গেছে। অন্যদিকে, রাহুল গান্ধী ড্রোন মারফত বিপুল জমায়েতের ভিডিও পোস্ট করে রেকর্ড সংখ্যায় জনসমাগমের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং গণতন্ত্রের জয় হবে বলে মন্তব্য করেছেন।
বিভিন্ন গণমাধ্যমের লাইভ সম্প্রচারে দেখা গেছে রামলীলা ময়দান ছিল পুরোপুরি ভরা এবং ময়দানের বাইরেও প্রচুর ভিড় ছিল। কংগ্রেস নেতৃত্ব এই সমাবেশ সফল করতে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল এবং প্রতিটি রাজ্যের নেতাদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল। জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে আয়োজিত ইন্ডিয়া জোটের এই সমাবেশ সফল করতে কংগ্রেস চেষ্টার ত্রুটি রাখেনি।