উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গত ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজে মাঝ আকাশে তুলকালাম কাণ্ড ঘটে। ১৭৪ জন যাত্রী নিয়ে ওমানের আকাশসীমায় থাকাকালীন উড়োজাহাজটির ককপিটে হামলার শিকার হন ভারতীয় পাইলট স্মিথ মছার। ছুরিকাঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও তিনি নিয়ন্ত্রণ ছাড়েননি এবং হামলাকারীকে প্রতিহত করতে সক্ষম হন।
হামলার কারণে উড়োজাহাজটি মাত্র ৩০ সেকেন্ডে ১৬ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল। এই চরম বিপদের মুহূর্তে যাত্রীর আসনে থাকা দুজন পাইলট এগিয়ে আসেন এবং ফ্লাইটটির নিয়ন্ত্রণ নেন। পরে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে সৌদি আরবের একটি বিমানবন্দরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।
সামনে আসা তথ্য অনুযায়ী, ওই দুই সাহসী পাইলট হলেন ফিজির হেনসন স্টিভেন এবং দক্ষিণ আফ্রিকার রোয়ান টুথ। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল–নাহিয়ান হেনসন, রোয়ান ও অন্য ক্রুদের তাদের অসীম সাহসিকতার জন্য সম্মাননা জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চালানো সন্ত্রাসী হামলার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। গুরুতর আহত পাইলট স্মিথ মছার এবং সাহসিকতা দেখানো অন্য সদস্যদের দেশটির পক্ষ থেকে যথাযথ সম্মাননা প্রদান করা হয়েছে।