উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে প্রোটিয়া দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জি, পেসার এনরিখ নরকিয়া এবং ব্যাটার জুবায়ের হামজা। আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ২৩ নভেম্বর সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন ডি জর্জি, যিনি এখন দলে ফিরছেন। কুঁচকির চোট কাটিয়ে পেস আক্রমণে ফিরেছেন নরকিয়া, যার সঙ্গে দলে রয়েছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ড্যান প্যাটারসন। তবে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই সিরিজে থাকছেন না পেসার লুঙ্গি এনগিডি, আর জায়গা হয়নি ডেভিড বেডিংহাম ও কাইল ভেরেইনির।
দলের স্পিন বিভাগে দক্ষিণ আফ্রিকার প্রধান ভরসা থাকছেন কেশব মহারাজ ও সাইমন হারমার। আসন্ন এই টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। বাংলাদেশের বিপক্ষে দলটির স্কোয়াডে আরও রয়েছেন মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন।