উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কল্পবিজ্ঞানের মতো শোনালেও দীর্ঘদিন ধরে মানুষের মস্তিষ্ক ও যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংক। ইতিমধ্যে ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস প্রযুক্তির তারহীন চিপ তৈরির পাশাপাশি গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের মাথায় চিপ বসিয়ে সফল হয়েছে প্রতিষ্ঠানটি। এবার টেলিপ্যাথি ও ব্লাইন্ডসাইট নামের দুটি ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস প্রযুক্তিনির্ভর তারহীন চিপ বাজারে আনতে যাচ্ছে তারা।
নিউরালিংকের প্রথম পণ্য হতে যাচ্ছে টেলিপ্যাথি চিপ যার সাহায্যে ব্যবহারকারীরা শুধু চিন্তার মাধ্যমে কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। একইভাবে কথা বা টাইপ না করেই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাবে। ইলন মাস্কের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে এ চিপের মাধ্যমে তথ্য আদান-প্রদানের গতি মানুষের কথা বলা বা দ্রুত টাইপ করার গতিকেও ছাড়িয়ে যাবে।
নিউরালিংকের দ্বিতীয় পণ্য ব্লাইন্ডসাইট চিপ মূলত দৃষ্টিহীন ব্যক্তিদের দেখার সক্ষমতা ফিরিয়ে আনবে যার ফলে জন্মগত দৃষ্টিহীন ব্যক্তিরাও দেখার সুযোগ পাবেন। ইলন মাস্ক জানিয়েছেন যে ব্লাইন্ডসাইটের প্রকৌশলগত উন্নয়নের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। প্রযুক্তিটি এখন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং কেবল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অপেক্ষায় আছে।