উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের তরুণদের উদ্যোক্তা হওয়ার বড় সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই কর্মসূচির আওতায় আগামী ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাথমিক পর্যায়ে দেশের আট জেলায় ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণার ৬৪টি উপজেলায় আবেদন নেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে নেত্রকোণা জেলায়।
এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসার ঘটানো। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ব্যবসা করার ভালো ধারণা থাকলেই আবেদন করা যাবে, তবে আগে থেকে ব্যবসা থাকা বাধ্যতামূলক নয়।
কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। তবে ঋণখেলাপি বা সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এই সুবিধা পাবেন না। ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ফরম পূরণ করে তফশিলি ব্যাংকে জমা দিতে হবে।