উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলোর সার্বিক কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সদস্যরা। গত সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে ঘন ঘন যান্ত্রিক ত্রুটির সুনির্দিষ্ট কারণ জানতে চাওয়া হয়েছে। কমিটির সভাপতি ও সংসদীয় প্রধান হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে এই বৈঠকে বিমান ও বেবিচকের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ও যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির দায় নির্ধারণের পাশাপাশি আইটি খাতের দুর্বলতায় রাজস্ব ক্ষতির বিষয়টি খতিয়ে দেখার তাগিদ দেওয়া হয়। সরকারি তহবিলের অপচয় রোধ এবং দীর্ঘদিন ঝুলিয়ে রাখা অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ ফ্লাইটের নিরাপত্তার স্বার্থে কারিগরি জটিলতার উৎস অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিমান কেনাকাটায় আর্থিক ক্ষতি খতিয়ে দেখে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি অনাদায়ি অর্থ ও শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ চাওয়া হয়েছে। প্রতিটি অডিট আপত্তির বিপরীতে দাপ্তরিক প্রমাণাদিসহ নির্দিষ্ট সময়ের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বৈঠকে হিসাব মহানিয়ন্ত্রক, মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।