উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার ধামরাইয়ে নারী ফুটবলের উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রমিলা ফুটবলের মেগা ফাইনাল। শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক নারায়ণগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমী ও ঢাকার শক্তিশালী দল বোল্ড বার্ডিজ ঢাকা। আগামী শুক্রবার ৩০ অক্টোবর বিকেল ৩টায় ঢাকার ধামরাই উপজেলার চারিপাড়া বারবাড়িয়া যুবক সমিতির খেলার মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনালকে ঘিরে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর শিরোপা নির্ধারণী এ ম্যাচে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে দুই দল। স্বাগতিকদের পাশাপাশি বোল্ড বার্ডিজ ঢাকার লক্ষ্য থাকবে প্রতিপক্ষকে মোকাবিলা করে কাঙ্ক্ষিত ট্রফি নিজেদের করে নেওয়া।
নারী ফুটবলের বিকাশ, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলকে জনপ্রিয় করার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঢাকা বণিক এক্সিলেন্স লিমিটেডের সৌজন্যে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে আয়োজকদের পক্ষ থেকে ক্রিয়া সম্পাদক আরিফ দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।