উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষকের অশোভন আচরণের বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা তাকে আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় অভিভাবকরা ঘটনার সুষ্ঠু তদন্ত, শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা দাবি করেছেন। জানা গেছে, অভিযুক্ত শিক্ষক এনামুল হোসেন অশালীন আচরণ ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ স্বীকারও করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন জানান, বিদ্যালয়ের শিক্ষক দ্বারা এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের ৫ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।