উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঐতিহাসিক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে নিজের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন তিনি।
প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসননামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনেক পুরনো কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে সম্বোধন করে তাদের খোঁজখবর নেন তিনি, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
দাপ্তরিক কাজ শুরুর প্রাক্কালে প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। এরপর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন। দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আয়োজিত এই মোনাজাতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকের দিনের বিশেষ তাৎপর্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এর মাধ্যমে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।