উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পান্থপথের জুতার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম শফিকুর রহমান (৫৫)। তিনি কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং ওই এলাকায় ফুটপাতের জুতার দোকানে জুতা সরবরাহকারী (সাপ্লায়ার) হিসেবে কাজ করেন।
আহত শফিকুর রহমান ও তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী জুতার দোকানদার মনির হোসেন জানান, বেশ কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। রোববার রাতে তিনি যখন মার্কেটের সামনে ছিলেন, তখন ওই চাঁদাবাজরা তাকে ঘিরে ধরে।
তারা শফিকুরের কাছে জানতে চায় কেন তিনি তাদের ফোন ধরেন না এবং চাঁদার টাকা কেন দিচ্ছেন না। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে শফিকুর রহমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার বাম হাতের তালু ভেদ করে বেরিয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শফিকুর রহমানের বাম হাতের তালুতে জখম রয়েছে। তার চিকিৎসার তদারকি করা হচ্ছে। এদিকে কলাবাগান থানা পুলিশ জানায়, ঘটনার পরপরই এলাকায় অভিযান শুরু হয়েছে। চাঁদাবাজির জেরে এই হামলা নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক কোন্দল রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।