উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি নিয়ে গেছে। এই ঘটনায় তার বাম চোখে আঘাত করা হয়েছে এবং আইফোনের পাসওয়ার্ড আদায়ে সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করা হয়।
গত শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে। প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা হাঁটার সময় তিন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। তারা চাপাতি ও সামুরাই দেখিয়ে ১২ প্রো ম্যাক্স মডেলের আইফোন, নগদ ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীরা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে তাকে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। পাসওয়ার্ড দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে বাম চোখে ঘুষি মারলে এবং সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করলে তিনি পাসওয়ার্ড দিতে বাধ্য হন। পাসওয়ার্ড পাওয়ার পর ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে পালিয়ে যায়।
এই ঘটনায় দুদক মহাপরিচালকের স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল রবিবার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন গণমাধ্যমকর্মীকে জানিয়েছেন, “আমরা মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। এখন পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি, তবে দ্রুত তাদের গ্রেপ্তারের বিষয়ে আমরা আশাবাদী।”
ছিনতাই হওয়া মোবাইল ফোন ট্র্যাক করে আসামিদের সম্ভাব্য অবস্থান জানা যায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। মোহাম্মদপুর থানার টহল দল তাজমহল রোডে গিয়ে আসামিদের আটকের চেষ্টা করলেও তারা মোটরসাইকেলে করে পালিয়ে যেতে সক্ষম হয়।
উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। ২০২৪ সালের ১৭ মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।