উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কারণ সরকারের কাছে পর্যাপ্ত পেট্রল মজুত রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সমস্যা নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটিকে তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। পর্যায়ক্রমে এই মজুত সরবরাহ করা হবে এবং যারা মজুত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আইনশৃঙ্খলা সভায় তিনি এ কথা জানান। মন্ত্রী আরও বলেন, কোথাও যদি জ্বালানি তেলের ঘাটতি দেখা যায়, সেদিকে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই বিষয়ে সরকারের অভিযান চলমান থাকবে।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, দেশের সব গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এটাই সরকারের প্রত্যাশা। সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করে সমাজের বিভিন্ন সমস্যা তুলে আনুক। তিনি আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা তৈরির ক্ষেত্রে সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট সকলের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, যদি কেউ কোনো ব্যক্তি বা গণমাধ্যমের নাম ব্যবহার করে অন্যায় কাজ করে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি পরিচালনা করে, তবে সংক্ষুব্ধ ব্যক্তি আইনি সহায়তা নিতে পারবেন।
সভায় প্রতিমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং যানজট নিরসনের বিষয়ে জরুরি নির্দেশনা দেন। তিনি ময়মনসিংহ শহরের যানজটের কারণ হিসেবে রাস্তার অভাবকে নয়, বরং ব্যবস্থাপনার ত্রুটিকে দায়ী করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে এবং এই কাজে রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন।
জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের এমপি সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ, ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের এমপি জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের এমপি কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের এমপি মো. আক্তারুজ্জামান বাচ্চু। এছাড়া, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।