উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর কড়াইল এলাকায় নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে একটি পরীক্ষামূলক কার্যক্রমের সূচনা করবেন। এর মধ্য দিয়ে সুবিধাভোগী পরিবারগুলো তাদের প্রথম মাসের নগদ সহায়তা মোবাইল ফোনের মাধ্যমে হাতে পাবে।
প্রথমে বগুড়ায় উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীতে তা পরিবর্তন করে ঢাকার কড়াইল বস্তি এলাকায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির উদ্বোধনী কার্যক্রমে অংশ নিতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জে উপস্থিত থাকবেন।
সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। এর আওতায় প্রতি পরিবার মাসিক আড়াই হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা পাবে। ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে ১৫ সদস্যের একটি কমিটি গঠিত হয় এই কর্মসূচি তদারকির জন্য।
ফ্যামিলি কার্ডের এই পরীক্ষামূলক কর্মসূচি আজ থেকে রাজধানী ঢাকার কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি (ওয়ার্ড-১৪) এবং বাগানবাড়ি বস্তি এলাকায় চালু হচ্ছে।
রাজধানীর বাইরে এর আওতায় থাকা অন্যান্য এলাকাগুলো হলো—রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাসন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ।