উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় অবস্থিত ‘শহিদ ক্যাডেট কোচিং একাডেমি’র নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে কোচিং সেন্টারের বহুতল ভবনের নিচ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম মোহিত (১৪)। সে ওই কোচিং সেন্টারের নবম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কোচিং সেন্টারের ভবনের নিচে মোহিতের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভিড় করেন। মরদেহের পাশেই তার স্কুল ব্যাগ ও জুতা পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষক তড়িঘড়ি করে সেখান থেকে সরে পড়েন। শিক্ষকদের এমন আচরণে মৃত্যুর ঘটনা নিয়ে জনমনে নানা রহস্য ও প্রশ্নের দানা বেঁধেছে।
এই ঘটনায় পুরো সাবালিয়া এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, উক্ত কোচিং সেন্টারে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। এই রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।
রহস্যজনক মৃত্যুর বিষয়ে কথা বলতে কোচিং সেন্টারের কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। তাদের বক্তব্য সংগ্রহের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। টাঙ্গাইল সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এটি দুর্ঘটনা, হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।