উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকের কাজ করার সময় মাটি ধসে ৩০ ফুট গভীরে চাপা পড়েছিলেন ৩৮ বছর বয়সী মোহাম্মদ আজহারুল ইসলাম নামে এক শ্রমিক। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ফায়ার সার্ভিস তাকে জীবিত উদ্ধার করে।
মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় জরুরি সেবার (৯৯৯) পুলিশ পরিদর্শক (জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এই উদ্ধার অভিযানের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল থানাধীন দক্ষিণ মহেশপুর এলাকা থেকে একজন ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে সেপটিক ট্যাংকের কাজ করার সময় আকস্মিকভাবে মাটি ধসে দুই শ্রমিক মাটিচাপা পড়েছেন।
স্থানীয়রা একজন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হলেও আজহারুল ইসলাম গলা পর্যন্ত মাটির নিচে চাপা পড়েছিলেন এবং ধীরে ধীরে আরও গভীরে তলিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করলেও চারপাশের মাটি আবারও ধসে গর্ত ভরাট হয়ে যাচ্ছিল।
ঘটনার বিবরণ পেয়ে ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে কাহারোল ফায়ার সার্ভিস স্টেশনকে এ বিষয়ে অবহিত করা হয়। এই ফোনকলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রান্ত এবং উদ্ধার তৎপরতা সমন্বয় করেন ৯৯৯ ফায়ার ডিসপাচার মো. হানজালাল।
খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর মাটির নিচে চাপা পড়া ওই শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর তাকে দ্রুত চিকিৎসার জন্য কাহারোল স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।কাহারোল ফায়ার সার্ভিসের লিডিং অফিসার রেজাউল করিম এই সফল উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন।