উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ বুধবার সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকাল ১১টায় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। চিফ হুইপ নূরুল ইসলাম সরকারি দলের সকল সংসদ সদস্যকে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
জানা গেছে, আজকের এই সভা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, সেই সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা নিযুক্ত হবেন, তা এই বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এছাড়াও, সংসদীয় কমিটি গঠন সংক্রান্ত সিদ্ধান্তও এই আলোচনায় আসতে পারে। সংসদ সদস্যরা নিজেদের মধ্যে সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও কথা বলবেন।
উল্লেখ্য, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সরকারি ও বিরোধী দলের চিফ হুইপদের মধ্যে গত সোমবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনে চিফ হুইপ মো. নূরুল ইসলামের কার্যালয়ে এই বৈঠকটি হয়। বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন মো. রফিকুল ইসলাম খান এবং মো. আবুল হাসনাত।