উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলার সংরক্ষিত শালবনের ভেতরে গড়ে ওঠা একটি অবৈধ সিসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার অরণখোলা ইউনিয়নের কালার বাজার এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানের ফলে প্রায় ১৫ শতাংশ বনভূমি দখলমুক্ত করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বনের গভীর এলাকায় লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে সিসা তৈরির চুল্লি স্থাপন করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত কারখানাটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১৫ শতাংশ জমি উদ্ধার করে। দখলমুক্ত করার পর তাৎক্ষণিকভাবে ওই জমিতে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন পাহাড়ি জাতের চারা রোপণ করা হয়েছে। এর মাধ্যমে জমিটি পুনরায় বনের আওতায় ফিরিয়ে আনা হয়।
টাঙ্গাইল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (উত্তর) রানা দেব জানান, বনের ভেতরে এ ধরনের ভারী ধাতুর কারখানা স্থাপন করা হলে নির্গত ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে এলাকার পরিবেশ এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এটি জনস্বাস্থ্যের পাশাপাশি বনাঞ্চলের পশুপাখির জন্যও চরম হুমকি ছিল। বন বিভাগের দ্রুত পদক্ষেপের ফলে এই অপতৎপরতা বন্ধ করা সম্ভব হয়েছে।