উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে যাবেন। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের চলমান কাজগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, আগামী বর্ষা ও বন্যায় আগাম কী ধরনের কাজ হতে পারে, তা আমরা সর্বোচ্চ চিন্তা-ভাবনা করে রেখেছি। নদী ভাঙন এলাকায় অতি দ্রুত কী কাজ করা যায়, তারও আগাম প্রস্তুতি আমাদের রয়েছে।
এ্যানী বলেন, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে আমাদের প্রস্তুতি থাকলেও এত অল্প সময়ে সব জলাবদ্ধতা দূর করতে পারব না। তবে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আগ্রহ, ইচ্ছা ও উদ্যোগ রয়েছে।