উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধুপুর উপজেলার পৌরসভার নয়াপাড়া এলাকায় দাফনের প্রায় ১ বছর ৮ মাস পর কবর থেকে মেজবাহুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করে তার প্রকৃত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মৃত মেজবাহুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ হাতীবান্ধা গ্রামের বাসিন্দা। তার পিতা মো. হাফিজুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, ৩১ জুলাই ২০২৪ তারিখে ঢাকার আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশের একটি বাগান থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে মধুপুর উপজেলার নয়াপাড়া এলাকার বাসিন্দা হয়রত আলী মরদেহটি তার ছেলে রিদয় হোসেনের বলে শনাক্ত করেন এবং নিজ এলাকায় এনে দাফন সম্পন্ন করেন। তবে ঘটনার কয়েকদিন পর, ৭ আগস্ট ২০২৪ তারিখে রিদয় হোসেন জীবিত অবস্থায় বাড়িতে ফিরে আসেন। এতে ঘটনাটি নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা ও বিভ্রান্তি।
এরপর উদ্ধারকৃত মরদেহের ছবি দেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মো. হাফিজুর রহমান মরদেহটি তার নিখোঁজ ছেলে মেজবাহুল ইসলাম হিসেবে শনাক্ত করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় টাঙ্গাইল পিবিআইয়ের ইন্সপেক্টর মো. শফিউল আলম এবং মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন উপস্থিত ছিলেন।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃত মেজবাহুল ইসলামের লাশ তার পিতা মো. হাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।