উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (৪ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের জন্য মোট ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ এ কে এম ফজলুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের মোঃ ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ-সভাপতি আনোয়ারা হক লিলি, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা মেহেদী হাসান মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটির নির্মাণকাজ শেষ হলে আউশনারা ইউনিয়নের কাকরাইদ এলাকাসহ আশপাশের মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা সহজ হবে। এতে সুপেয় পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই প্রকল্প।