উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে ‘বিশুতারা মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিশুতারা গ্রামের স্থানীয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই ম্যাচটি সম্পন্ন হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
খেলা শেষে স্থানীয় সমাজসেবক আনু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা যুবদল নেতা মো. সিরাজুর ইসলাম সানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. আকরাম মিয়া, উপজেলা নবীন দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন, স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন, ব্যবসায়ী মনিরুল মাসুদ ও হাফেজ তাকবিরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুর ইসলাম সানী বলেন, যুবসমাজকে মাদক ও অনৈতিক কাজ থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের জন্য ক্রীড়া চর্চার সুযোগ তৈরি করতে হবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং শৃঙ্খলাবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।