উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহানুর আলম। গত বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার গুড়দাহ বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাসের কাছে তিনি এই মনোনয়ন ফরম জমা দেন। এ সময় সেখানে শত শত দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর শাহানুর আলম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তিনি দলীয় মনোনয়ন পাবেন বলে তিনি সম্পূর্ণ আশাবাদী। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার কারণে দলীয় নেতাকর্মীদের কাছে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার অবহেলিত ও মেহনতি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন।
মনোনয়ন পেলে তিনি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সমাজ ও এলাকা থেকে মাদক সেবন ও মাদক নির্মূলে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানান। মনোনয়ন ফরম গ্রহণের পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস উপস্থিত নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশীর উদ্দেশ্যে বক্তব্য দেন এবং দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।