উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
লক্ষ্মীপুরের কমলনগরে অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে শয্যাশায়ী হয়ে মানবেতর জীবনযাপন করছেন শারীরিক প্রতিবন্ধী মো. জহির উদ্দিন (৩৫)। উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরঠিকা গ্রামের বাসিন্দা জহির মৃত তোফায়েল আহমেদের ছেলে। মা আয়েশা বেগমকে নিয়ে স্ত্রী নাসিমা বেগমের সাথে তার সংসার।
পারিবারিক সূত্রে জানা যায়, জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী জহির দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। প্রতিবন্ধকতা সত্ত্বেও এতদিন ভিক্ষাবৃত্তি করে কোনোরকমে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার পর তার সেই সামান্য আয়ও বন্ধ হয়ে গেছে।
বর্তমানে পরিবারটি চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছে এবং অর্থের অভাবে জহিরকে নিয়মিত ডাক্তার দেখানো সম্ভব হচ্ছে না। জহিরের স্ত্রী নাসিমা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে কঠিন রোগে ভুগছেন, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। অসহায় জহিরকে বাঁচাতে পরিবারটি বিত্তবান ও প্রশাসনের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।