উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনের পুকুরে পোনা ছাড়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান নাসিরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি, শ্রীরামকান্দি উত্তরপাড়া বিলে ৩০ কেজি, ইন্দুরকাটা বিলে ২৫ কেজি, থানা পুকুরে ২৫ কেজি, স্বাস্থ্য কমপ্লেক্স পুকুরে ২০ কেজি, দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুকুরে ২০ কেজি এবং গহরডাঙ্গা মাদ্রাসার মহিলা শাখা পুকুরে ২০ কেজি পোনা ছাড়া হয়। এছাড়া সরকারি কলেজ, বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও আশ্রয়ণ প্রকল্পের পুকুরে বাকি পোনা অবমুক্ত করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় এসব মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এই উদ্যোগ স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়াতে, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এবং মৎস্য সম্পদের উন্নয়ন ও সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।