উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম মহানগরীর বন্দর এলাকায় অনলাইন জুয়ার নেশায় স্ত্রীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ আনুমানিক ১০.০০ ঘটিকায় বন্দর থানাধীন আদর্শ পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অনলাইন জুয়ায় আসক্ত স্বামী মোঃ জাবেদ জুয়ায় টাকা হেরে স্ত্রী সানজু বিবির সাথে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন।
কথাকাটির এক পর্যায়ে ঘাতক স্বামী জাবেদ তার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে গলায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ভিকটিমের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ঘাতক স্বামী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে ভিকটিমের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে এসআরবি-৭, চট্টগ্রাম তাৎক্ষণিকভাবে ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঘটনার মাত্র ০২ ঘণ্টার মধ্যেই আনুমানিক ১১.৫০ ঘটিকায় বন্দর পুরাতন মার্কেট এলাকা থেকে অভিযুক্ত স্বামী মোঃ জাবেদকে (৪২) গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের সামনে কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে এসআরবি-৭, চট্টগ্রাম এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে এবং অনলাইন জুয়ার টাকা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়ার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, ঘটনার মাত্র ২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার করায় এসআরবি-৭ এর ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসী।