উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়েই অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই। তাই হৃদয়ের কোনো সতর্কসংকেত বা লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বিশ্ব হার্ট দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি এ সভার আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অনেকেই সচেতনতার গুরুত্ব উপলব্ধি করলেও তা বাস্তব জীবনে কার্যকর করেন না, যা হৃদরোগের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মোহাম্মদ সফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির। সভার সার্বিক তত্ত্বাবধান করেন ডা. আ ফ খবির উদ্দিন আহমেদ।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল বিএমইউ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে আয়োজিত একটি র্যালিতে অংশ নেন।