উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফরিদপুরের সদরপুরে দিন দিন কিশোর গ্যাংয়ের আনাগোনা ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। বিশেষ করে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের হেলিপ্যাড ও আশপাশের এলাকায় কিশোরদের দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। সভায় সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আল মামুন শাহ জানান, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং পুলিশের টিম সার্বক্ষণিক সজাগ আছে।
উপস্থিত ইউপি চেয়ারম্যানরা বলেন, কিশোর গ্যাং এখন একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা প্রয়োজন। সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। সভায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।