উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার যানজট নিরসন এবং গণপরিবহণ ব্যবস্থা সুশৃঙ্খল করতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাসগুলো শিগগিরই কাঁচপুরে নির্মাণাধীন নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বুধবার (৩০ সেপ্টেম্বর) কাঁচপুর বাস টার্মিনালের চলমান অবকাঠামোগত নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নে দ্রুততম সময়ে এই কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রাথমিক পর্যায়ে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ দূরপাল্লার ১৬ জেলার বাস সায়েদাবাদ থেকে কাঁচপুরে স্থানান্তর করা হবে এবং পরবর্তীতে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে। দূরপাল্লার বাসগুলো মূল শহরে প্রবেশ না করায় ঢাকা শহরের যানজট উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কাঁচপুর থেকে ট্রানজিট হিসেবে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার জন্য ডিএসসিসির উদ্যোগে ও মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি বিশেষ শাটল সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজের মাধ্যমে এই আধুনিক টার্মিনালের নির্মাণকাজ পরিচালিত হচ্ছে এবং পুরো প্রকল্পের বর্তমান গড় অগ্রগতি ৩০ শতাংশ। এর মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ ৭৫ শতাংশ এবং অভ্যন্তরীণ প্ল্যাটফর্ম তৈরির কাজ ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রাথমিক কাজ শেষ করে টার্মিনাল চালু করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। পাশাপাশি গুলিস্তান বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে স্থানান্তরের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।