উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম স্থান অধিকার করেও গেজেটে নাম আসেনি কুড়িগ্রাম জেলার আব্দুল্লাহ আল মামুন বেলালের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। এতে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করা হলেও প্রকাশিত গেজেটে ৬১১ জনের নাম রয়েছে, যার ফলে বাদ পড়েছেন মোট ৫৭ জন।
গেজেটে নাম না আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন বেলাল। তিনি জুলাই অভ্যুত্থানে সক্রিয় থাকার কথা উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এবং তার বাদ পড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
এর আগে পিএসসি ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ করলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ৫৭ জন শেষ পর্যন্ত চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েন।