উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পেশাগত দক্ষতা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পেয়েছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ। রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার হাতে এই সম্মাননা তুলে দেন। রাষ্ট্রীয়ভাবে দেওয়া এই পদক তার কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন এবং গোপালগঞ্জ জেলা পুলিশের জন্যও এটি একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
পদক প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ বলেন, এই অর্জন তার একার সাফল্য নয়, বরং এটি গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার স্বীকৃতি। গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারসহ দেশের মোট ১৭ জন পুলিশ সদস্য এবার বিপিএম-সেবা পদকে ভূষিত হয়েছেন। এর আগে গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশ সুপার মো: হাবীবুল্লাহর এই রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার খবরে গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই অর্জন জেলা পুলিশের সদস্যদের আরও দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করতে উৎসাহিত করবে। ভবিষ্যতে জনগণের আস্থা অর্জন এবং জনসেবার মানোন্নয়নে গোপালগঞ্জ জেলা পুলিশ নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।