উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত ৬৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সুধারাম মডেল থানায় ১১ জন, কোম্পানীগঞ্জে ২১ জন এবং বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজনকে আটক করা হয়।
এ ছাড়াও চরজব্বর থানায় ছয়জন, চাটখিল থানায় আটজন, কবিরহাট থানায় ছয়জন এবং সোনাইমুড়ী থানায় ১১ জনকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, কিশোরদের সুস্থ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের নিয়ে সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করেই মূলত কিশোর গ্যাংয়ের অপতৎপরতা পুরোপুরি প্রতিহত করার চেষ্টা চলছে।