উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জলবায়ুর প্রভাবে ভরা মৌসুমে ইলিশ না মিললেও মৌসুমের শেষভাগে এসে লক্ষ্মীপুরের নদনদীতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ফলে জেলার মাছঘাটগুলো আবারও সরগরম হয়ে উঠেছে এবং জেলেদের মুখে হাসি ফুটেছে। দীর্ঘদিন পর জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ায় ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা।
মতিরহাটের লিটন মাঝি বাসস’কে জানান, নদীতে মাছ না পাওয়ায় এতদিন তাদের অলস সময় কাটাতে হয়েছে। গত কয়েকদিন ধরে জালে প্রচুর ইলিশ ধরা পড়ায় তারা আবার নদীতে নামছেন। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ইলিশের দাম ৫শ’ থেকে ৭শ’ টাকা পর্যন্ত কমেছে।
ক্রেতা মো. তুষার ইসলাম ও সালামত উল্যাহ জানান, সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও বাজার মনিটরিং করার দাবি জানিয়েছেন তারা। জেলা মৎস্য অফিসের সিনিয়র পরিচালক মো. লুৎফুর রহমান বাসস’কে জানান, সাগরের পাশাপাশি মেঘনা নদীতেও ইলিশ মিলছে এবং সামনে সরবরাহ আরও বাড়ার আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় আগামী ৬ অক্টোবর থেকে ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১শ’ কিলোমিটার অভয়শ্রমে প্রায় ৫৩ হাজার জেলে মেঘনায় ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করেন।