উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর দক্ষিণখান ৪৭ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি গোয়ালটেক এলাকায় গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক এবং ৪৭ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর জনাব হেলাল তালুকদার। অনুষ্ঠানে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের তত্ত্বাবধানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির অন্যতম সদস্য সেলিম রেজাসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য। আমাদের আশপাশে বহু মানুষ প্রতিদিন চরম কষ্টে দিনাতিপাত করছেন এবং অনাহারী মানুষের মুখে আহার তুলে দেওয়াই রাজনীতির মূল আদর্শ। তিনি আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে যেকোনো দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ ও খেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন রাজপথের লড়াইয়ের পাশাপাশি এই মানবিক সেবা অব্যাহত রাখা হবে।
জনতার কাউন্সিলর উল্লেখ করেন, কোটবাড়ি গোয়ালটেকসহ দক্ষিণখানের প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে। সমাজের সর্বস্তরের ধনাঢ্য ব্যক্তিদেরও তিনি এই সংকটকালে হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে স্থানীয় শত শত অসহায় ও দুস্থ পরিবারকে সারিবদ্ধভাবে সামাজিক শৃঙ্খলা বজায় রেখে চাল প্রদান করা হয়।
চরম বিপদের সময় চাল সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের অনেকেই হেলাল তালুকদার ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা ব্যক্ত করেন।