উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের নারচী গ্রামে উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা। নারচী নবীন সংঘের উদ্যোগে আয়োজিত এ ফাইনালে রাকিব টাইগার্সকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দুরন্ত ঘোড়ার গাড়ি।
ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুরন্ত ঘোড়ার গাড়ি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলে তারা চারবার গোলের দেখা পায়, আর রাকিব টাইগার্স একটি গোল করলেও শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে হার মানে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মৃধা মো. মাসুদ রানা এবং সভাপতিত্ব করেন ঘিওর ইউনিয়ন যুবদলের সভাপতি রাহাতুজ্জামান খান আলতাফ। এ ছাড়াও অনুষ্ঠানে ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হাবিব ইব্রাহিম খান সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দল দুরন্ত ঘোড়ার গাড়ির হাতে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং রানার্সআপ রাকিব টাইগার্সের হাতে ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই নারচী নবীন সংঘের এ আয়োজন করা হয়েছে।