উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। নামিবিয়ার উইন্ডহুকে ২০২৭ সালের ৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। গতরাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং ও সূচি ঘোষণা করেছে আইসিসি। নতুন কাঠামোর ‘সুপার সিরিজ’ দিয়ে ২ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসরের।
ইংল্যান্ডের পর ১২ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কুগম্পো সিটিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর শ্রীলংকা ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে খেলতে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৩ অক্টোবর সেঞ্চুরিয়ানে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের মুখোমুখি হবে টাইগাররা।
গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ছাড়াও ঐ গ্রুপে আরও আছে- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলংকা এবং বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। গ্রুপ পর্ব শেষে সেরা সাত দলকে নিয়ে সুপার সেভেন পর্ব অনুষ্ঠিত হবে এবং সুপার সেভেনে শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। ১৭ নভেম্বর কেপটাউনে প্রথম সেমিফাইনাল এবং ১৮ নভেম্বর সেঞ্চুরিয়ানে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর জোহানেসবার্গে ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের এবং দুটি সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হয়েছে।