উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে আগামী ৩ অক্টোবর, শুক্রবার জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এই বাইচকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আয়োজকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। নৌকাবাইচ সফল করতে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজসহ কমিটির সদস্যরা কাজ করছেন।
আয়োজকরা জানান, এই নৌকাবাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতার। উৎসবমুখর এই আয়োজনকে কেন্দ্র করে কালীগঙ্গার দুই তীরজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির এই অংশ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুল দর্শকের সমাগম ঘটবে।
আয়োজনের প্রস্তুতি প্রসঙ্গে মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বলেন, কালীগঙ্গা নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ আমাদের গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই আয়োজনকে সফল ও সুন্দর করতে আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সবার সহযোগিতায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন নৌকাবাইচ উপহার দিতে পারব বলে আশা প্রকাশ করেন তিনি।
নৌকাবাইচের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।