উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্পিনার রশিদ খান ও ব্যাটার ইব্রাহিম জাদরানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদ দেড় বছর ও ইব্রাহিম এক বছর আগে সর্বশেষ টেস্ট খেলেছেন এবং চিকিৎসকদের পরামর্শেই তারা আপাতত টেস্ট খেলছেন না। আগামী ৯ অক্টোবর থেকে আবু ধাবিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে আফগানিস্তান দল।
বাংলাদেশের বিপক্ষে এই স্কোয়াড নিয়েই পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে টেস্ট দলে ফিরেছেন ব্যাটার শহীদউল্লাহ কামাল, পেসার ইয়ামিন আহমদজাই ও পেসার ইসমত আলম। এছাড়া ২০২৪ সালের পর টেস্ট দলে ফিরেছেন স্পিনার খলিল গুরবাজ এবং এক বছর পর সুযোগ পেয়েছেন জিয়া উর রহমান।
টেস্ট দল থেকে বাদ পড়লেও বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে এবং জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে রশিদ ও ইব্রাহিমকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মাদ নবি। এছাড়া দুই ফরম্যাটের দল থেকেই বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার দারউইশ রাসুলি।