উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী নানা স্থাপনা এবং পথচলার বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়।
এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য তৈরি। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা পণ্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি নির্ধারিত জায়গার বাইরে পণ্যসামগ্রী না রাখতে ব্যবসায়ী ও দোকানদারদের আহ্বান জানান। একই সঙ্গে নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেয়র।