উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারাদেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ এবং প্রাণহানি অত্যন্ত আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, গত একদিনে সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫২ জন। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হাম বিষয়ক পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে দুইজন এবং বরিশাল ও খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৫৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১১৮ জন মারা গেছেন দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে। অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪৩ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন।