উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সুনামগঞ্জ জেলায় আজ শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির উদ্যোগে একটি লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই কর্মশালাটি আয়োজন করা হয়। আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
লাইব্রেরির সহ-সভাপতি সুখেন্দু সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খলিল রহমান। এই লেখালেখির কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কবি ইকবাল কাগজী, লেখক কুমার সৌরভ এবং লেখক-সাংবাদিক উজ্জ্বল মেহেদী। দিনব্যাপী এই কর্মশালায় সর্বমোট ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে লাইব্রেরির সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া এ আর জুয়েল, লোকসংস্কৃতি গবেষক মোহাম্মদ সুবাস উদ্দিন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।