উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নাটোরে চলনবিল এলাকায় অভিযান চালিয়ে তিন পাখি শিকারিকে একদিন করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত তিন শিকারি হলেন নাটোরের সিংড়া উপজেলার পূর্বভেংড়ী গ্রামের বাসিন্দা আব্দুর রশীদ (৫৫), মকছেদ আলী (৫০) এবং আবু হানিফ (৪০)।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নির্দেশনায় আজ ভোরে চলনবিলের আগমুরশন, বামিহাল, কাকিয়ান এবং পূর্বভেংড়ী গ্রামে অভিযান চালানো হয়। স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা পেশাদার এই তিন শিকারিকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে অর্ধশতাধিক বক পাখি এবং পাখি শিকারের ১০টি ফাঁদ উদ্ধার করা হয়।
পরে আটককৃত শিকারিদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড আরোপ করেন। আদালত পরিচালনার সময় অর্ধশতাধিক বক পাখি আকাশে অবমুক্ত করা হয় এবং শিকারের কাজে ব্যবহৃত ১০টি কিল্লাঘরের ফাঁদ সম্পূর্ণ ধ্বংস করা হয়। এ সময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।