উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নোয়াখালীর সুধারাম থানাধীন ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের বক্তারপুর এলাকায় মসজিদ ও মালিকানাধীন জমি দখল, গাছপালা কেটে ফেলা, বসতঘর ভাঙচুরের হুমকি এবং অর্থ দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর বক্তারপুর জামে মসজিদসংলগ্ন মজিদের দোকানের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা ছাড়াও জমির মালিকানা দাবি করা আব্দুল হকের স্বজন ও সমর্থকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বক্তারপুর মৌজায় তফসিলভুক্ত ৫৪৪ ডিসিমেল জমির মালিকানা নিয়ে স্থানীয় আব্দুল হক ও আকরাম আলী গংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে নোয়াখালী ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা নম্বর ১১৫১/২০২৩ দায়ের করা হয়েছে এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। আব্দুল হকের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা অবস্থায় আকরাম আলী ও তাঁর লোকজন দু হাজার চার সালের একটি কথিত দেওয়ানি মামলার রায়ের কথা উল্লেখ করে বিরোধপূর্ণ জমির মালিকানা নিজেদের বলে দাবি করছেন এবং বসতঘর ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন।
আব্দুল হক আরও অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডে বাধা দিলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই আদালতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষ যেন জোরপূর্বক জমির দখল নিতে না পারে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। আব্দুল হক বলেন যে তাঁরা খরিদসূত্রে এই জমির মালিক এবং দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন, অথচ আদালতের বিচারাধীন বিষয় থাকা সত্ত্বেও তাঁদের জমি দখলের চেষ্টা চলছে।
এ বিষয়ে অভিযুক্ত আকরাম আলী অভিযোগগুলো অস্বীকার করে দাবি করেছেন যে জমি নিয়ে তাঁদের অবস্থান আইনগত ও বৈধ। এদিকে স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের এ বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। জমি সংক্রান্ত বিরোধটি আদালতে বিচারাধীন থাকায় আদালতের সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়াই আইনগতভাবে প্রাসঙ্গিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।