উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মেজর (অব.) আখতারুজ্জামানের জন্ম ১৯৫১ সালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। বিএনপির প্রতিষ্ঠাকালেই দলটির সঙ্গে যুক্ত হওয়া এই নেতা দল থেকে পাঁচবার বহিষ্কৃত হন এবং কিশোরগঞ্জ-২ আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের শুরু থেকেই নানা মন্তব্য ও অবস্থান বদলের কারণে তিনি বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
গত ডিসেম্বরে জামায়াতে যোগ দেওয়ার আগে তিনি দলটিকে ‘রগ কাটার দল’ ও ‘রাজাকার’ আখ্যা দিয়েছিলেন। অথচ জুলাই গণ–অভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে কঠোর সমালোচনা করলেও পরবর্তী সময়ে তিনি জামায়াতের রাজনীতিতে ভিড়ে যান। তাঁর এমন রাজনৈতিক বৈপরীত্য নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে শুক্রবার তিনি গ্রেপ্তার হন। শনিবার ঢাকার আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, লাগেজের সংকটকে কেন্দ্র করে তিনি দায়িত্বরত কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন।