উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন বাণিজ্য আলোচনার ঠিক প্রাক্কালে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত একটি শিল্প-রাসায়নিক পণ্যের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করেছে চীন। স্থানীয় শিল্পের আবেদনের ভিত্তিতে শনিবার এই তদন্ত শুরু করে বেইজিং, যা রং, ওষুধ ও কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়। অভিযোগ রয়েছে, কম দামে পি-নাইট্রোটলুইন আমদানি করে চীনের বাজারে অতিরিক্ত পণ্য ঢোকানো হচ্ছে।
আগামী বৃহস্পতিবার ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ এবং চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্যিক ব্যবস্থা বৃদ্ধি ঠেকানোই এই আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য। এর আগে সেপ্টেম্বরে চীনসহ কয়েকটি দেশ থেকে আমদানি করা পলিভিনাইল ক্লোরিড বা পিভিসি নিয়ে তদন্ত শুরু করেছিল ইইউ।
চীনের নতুন এই অ্যান্টি-ডাম্পিং তদন্ত ১২ মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও প্রয়োজনে মেয়াদ ছয় মাস বাড়ানো হতে পারে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীন বারবার ইইউকে নিজেদের অর্থনৈতিক সমস্যা সরাসরি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি আলোচনা ও পরামর্শের মাধ্যমে পারস্পরিক উদ্বেগের সমাধান করার ওপরও জোর দিয়েছে বেইজিং।