উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবু সাদিককে (সাদিক কায়েম) দলের মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ মাঠে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির এবং সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) ভিপি। অনুষ্ঠানে সেলিম উদ্দিনের জনকল্যাণমূলক কাজের প্রশংসা করার পাশাপাশি সাদিক কায়েম সম্পর্কে জামায়াত আমির বলেন, ডাকসু যেভাবে সাজানো হয়েছিল, সেভাবেই তিনি ঢাকা দক্ষিণকেও সাজাবেন।
সরকারকে উদ্দেশ করে শফিকুর রহমান বলেন, সরকারকে আমরা ঘুমাতে দেব না, জনগণের কাজ পাহারা দেওয়া। রাজধানীর মিরপুরের রাড্ডা সেন্টারে জামায়াতের অনুদান প্রদানে বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, সরকার নিজেরাও কিছু করবে না, জামায়াতকেও কিছু করতে দেবে না।
ডেঙ্গু ও হাম প্রসঙ্গে বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকার শুধু অতীতের সরকারগুলোকে দায় দিচ্ছে কিন্তু গত সাত মাসে তারা কী করেছে? এছাড়া বিমানবন্দরের অন্যায়ের প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।